বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানগুলোতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শন এবং অতিরিক্ত ব্যয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয় এবং এসব আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে।
তিনি বলেন, অনেক বিয়ের অনুষ্ঠানে হাজার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এতে বিপুল পরিমাণ খাবারের আয়োজন করা হলেও তার একটি বড় অংশ অপচয় হয়। এই অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, অতীতে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেই আইনে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে অতিরিক্ত কর দিতে হতো। সেই অভিজ্ঞতার আলোকে তিনি প্রস্তাব করেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।
তিনি আরও দাবি করেন, সামাজিক অনুষ্ঠানে অযথা জাঁকজমক ও অপচয় নিয়ন্ত্রণ করা গেলে খাদ্যপণ্যের চাহিদার ওপর চাপ কমবে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।
আলোচনা সভায় জাতীয় বাজেট, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যয় নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়েও বক্তারা মতামত তুলে ধরেন।




















