সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে সাভারের ব্যাংক কলোনিতে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ নবযোগদানকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা বিশ্বাস করেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা বিএনপিতে যোগ দিতে চান, তাদের দল আন্তরিকভাবে স্বাগত জানায়।
যোগদান শেষে বক্তব্যে সেজুতি হোসাইন বলেন, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) কাজ করার সময় দলটির বিভিন্ন সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন। তার দাবি, রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং অপরিপক্ব সিদ্ধান্তের কারণে দলটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সময় থেকে তিনি নিজের সময়, অর্থ ও শ্রম ব্যয় করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে ত্যাগী ও নিবেদিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তার অভিযোগ, অর্থের বিনিময়ে মনোনয়ন দেওয়া এবং হঠাৎ করে নতুন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্তে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
সেজুতি হোসাইন বলেন, তিনি কোনো পদ-পদবির আশায় বিএনপিতে যোগ দেননি। গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রত্যয় থেকেই বিএনপিতে যোগ দিয়েছেন। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া হেলেন জাহান রিফা ও সুজন আহমেদও বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান শেষে নবযোগদানকারী নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।




















