মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর এ সফর শুরু হয় গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। সফরকালে তিনি মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে ২২ জুন প্রধানমন্ত্রী চীন সফরে যান। সফরকালে তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















