যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার গোয়ালহাটি গ্রামের মৃত মোড়ালি ঘোষের ছেলে বিষ্ণু ঘোষ (৫০) এবং তার স্ত্রী ববিতা (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিষ্ণু ঘোষ ও তার স্ত্রী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের লতা (৪৫) ও আশানুর (২৫) নামে দুই ব্যক্তি তাদের বাড়িতে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা বাঁশ দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করলে তারা গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। তারা আরও অভিযোগ করেন, সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ওপর এই হামলা চালানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
হামলার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে বিষ্ণু ঘোষ ও ববিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তারা শঙ্কামুক্ত থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















