যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের গার্ড আতিয়ার রহমান হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে (৩৮) ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং র্যাব-৪ (মিরপুর-১) এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ আলী চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত আতিয়ার রহমান উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি বেড়গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।
পরে রোববার বিকেলে বেড়গোবিন্দপুর বাওড়ের একটি ক্যানেল থেকে কচুরিপানার নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের নৃশংসতার ইঙ্গিত দেয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে পুলিশ এ মামলায় আরও দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
র্যাব জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।





















