কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় ভারতীয় এক নাগরিকও নিহত হয়েছেন।
নিহতরা হলেন— কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির। তারা সবাই কাতারে একসঙ্গে কাজ করতেন বলে জানা গেছে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তারা বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আল শাহানিয়া শহরের সামাল এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি যুবক এবং ভারতীয় এক গাড়িচালক নিহত হন।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নিহতদের বাড়ির পরিবেশ। একসঙ্গে পাঁচজন প্রবাসীর মৃত্যুতে পুরো উপজেলায় নেমে এসেছে শোকের আবহ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর আমরা জেনেছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে আনা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কবে মরদেহ দেশে পৌঁছাবে।”
স্থানীয়রা জানান, নিহতরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।




















