বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপি নেতা জাহান আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় তার বাম হাত ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
আহত জাহান আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান। এ সময় তারা তার সঙ্গে কথা বলেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
তারা বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দল। দলের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির স্থান নেই। যারা সহিংসতা ও নির্যাতনের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবিক মূল্যবোধ ও জনসেবার আদর্শকে সামনে রেখে দলটি কাজ করে যাচ্ছে। এ সময় তারা আহত জাহান আলীর পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সবশেষে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দ।




















