যশোরের বাঘারপাড়া উপজেলার বড় কুল্লা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে গিয়ে ১১ মাস বয়সী এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত শিশুটির নাম সাহাবীর হোসেন (১১ মাস)। সে ওই গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বড় কুল্লা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী ইসমাইল (৪০), পিতা কুবাদ আলী এবং তার স্ত্রী রেক্সোনা (৩৫)-এর সঙ্গে আসাদুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধারালো কাচি দিয়ে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, আসাদুল ইসলামকে লক্ষ্য করে কাচি দিয়ে কোপ মারার সময় সেই আঘাত তার কোলে থাকা ১১ মাস বয়সী ছেলে সাহাবীর হোসেনের ডান পায়ে লাগে। এতে শিশুটির পায়ে গুরুতর কাটা জখম হয় এবং রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। শিশুটির অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সামান্য বিরোধকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনায় নিরীহ শিশুর আহত হওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




















