বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, আনন্দময় ও শিক্ষার্থী-বান্ধব করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে শিক্ষকরা বাবা-মায়ের মতো। বাবা-মা যেমন স্নেহ, ভালোবাসা ও শাসনের মাধ্যমে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন, তেমনি শিক্ষকরাও শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শুধু পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। পাশাপাশি আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া শিশু একাডেমির কার্যক্রম নতুন আঙ্গিকে পুনরায় চালু করা হবে।
তিনি আরও জানান, বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে, যাতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ছয়তলা একাডেমিক ভবনটিতে শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, বিজ্ঞান ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুমসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তির অংশ হিসেবে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং যশোরের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















