পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে দেশটির বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও এর অভ্যন্তরে থাকা সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বন্দুকধারীরা এ হামলা চালায়। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২২ হামলাকারী নিহত হয়। সংঘর্ষে প্রাণ হারান ১১ সেনাসদস্য এবং দুইজন সাধারণ নাগরিক।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ফজরের নামাজের পরপরই এলাকাজুড়ে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী নিয়ামের বিভিন্ন এলাকায়। পরে নিরাপত্তা বাহিনী বিমানবন্দর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম (জেএনআইএম)। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ফজরের নামাজ শেষ করার কিছুক্ষণ পরই একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে গুলির শব্দ বাড়তে থাকে এবং তখনই তারা হামলার বিষয়টি জানতে পারেন।
উল্লেখ্য, নাইজার গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সশস্ত্র তৎপরতার বিরুদ্ধে লড়াই করে আসছে। চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।
সূত্র: বিবিসি।




















