যশোর শহরের ঘোপ বাবলাতলা মোড়ে একটি প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় নিউমার্কেট মোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার এবং বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনায় আহতরা হলেন— ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র মো. রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকার সেলিনা বেগম (৪৫), কাজীপাড়া এলাকার প্রাইভেটকার চালক মো. মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার মো. সুমন (৩৫)।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে মো. সুমনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অপর চারজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।




















