নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ জুন) নেত্রকোনা আদালতে উপজেলার হোগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ মে উপজেলা পরিষদ হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত ডাক (নিলাম) চলাকালে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। পরে একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষ জানায়, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানাকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নথিপত্র হাতে পাইনি। আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট কাগজপত্র থানায় পৌঁছালে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২০ মে অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ জামায়াতের নায়েবে আমির ও এক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে পূর্বধলা থানায় পৃথক একটি মামলা দায়ের করেন। ফলে একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই এখন আইনি লড়াইয়ে জড়িয়েছে।




















