লক্ষ্মীপুরে আর্জেন্টিনার পতাকা টানানোকে কেন্দ্র করে আজাদ হোসেন নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থক বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেন (২৮) ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এলাকায় বিভিন্ন দেশের সমর্থকরা নিজ নিজ দলের পতাকা টানাচ্ছিলেন। এ সময় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আজাদ হোসেন অভিযোগ করে বলেন, তিনি ও তার কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার পতাকা লাগাতে যান। তবে এর আগেই ব্রাজিল সমর্থক রিফাত হোসেন তাদের পতাকা না লাগানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে রিভলভার সদৃশ একটি বস্তু দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, অভিযুক্ত রিফাত এর আগেও তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন। এমনকি একসময় চাঁদা দাবির অভিযোগে তার বুকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত হোসেন। তিনি বলেন, “আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালানোর চেষ্টা করছিল। আমরা শুধু এর প্রতিবাদ করেছি।”
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। আহত যুবক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল সমর্থনকে কেন্দ্র করে এমন সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।




















