লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আজিজপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়।
ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বিজিবিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ৬১ বিজিবির কালীরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠান।
স্থানীয়দের ভাষ্যমতে, ওই ব্যক্তির কথাবার্তা ও আচরণ ছিল অসংলগ্ন। তার চলাফেরা এবং আচরণ দেখে তিনি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি সদস্যরা ব্যক্তিটিকে ফেরত পাঠানোর পর বিএসএফ সদস্যরা পুনরায় তাকে বাংলাদেশের দিকে প্রবেশ করানোর চেষ্টা করে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন এবং বিএসএফের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ জনতা বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।
পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্ত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থান করতে দেখা গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।




















