লালমনিরহাট জেলার তিনটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত পদক্ষেপ ও কঠোর অবস্থানের কারণে ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢুকতে পারেনি।
শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ১১ জন, পাটগ্রাম উপজেলার পঁয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর-দীঘলটারী সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিজিবির কঠোর অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছিল বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা বর্তমানে ভারতের অভ্যন্তরেই রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















