যশোর প্রতিনিধি:
যশোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৪টার দিকে যশোর কোতোয়ালী থানার মনিহার থেকে মুড়লিগামী সড়কের বকচর (হুশতলা) এলাকার শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম ওই এলাকায় অবস্থানকালে একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপ গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে ১০০ বোতল করে মোট ২০০ বোতল অবৈধ এসকাফ কাফ সিরাপ পাওয়া যায়।
আটককৃতরা হলেন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মনির ওরফে মতিন, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে মো. শমসের আলম এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. দুলাল সর্দারের ছেলে মো. রাহাত। তারা সবাই বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ গাড়ি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



















