খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার বাসিন্দা আছাবুর সরদারের ছেলে সাইদুর সরমান সাইদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে বাসটি খুলনার দিকে আসছিল। পথে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এ ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন অন্তত আটজন।
আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ জানান, গুটুদিয়া এলাকায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি এখনও পানির মধ্যে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।




















