ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া কিশোর রাকিব হোসেনকে (১৬) ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা মোছা. মিনা খাতুন। প্রতিদিন ঘরের দরজার দিকে তাকিয়ে থাকেন তিনি, যদি একবার ফিরে আসে তার আদরের সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে রাকিব। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কোথাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সন্তানকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মা মিনা খাতুন বলেন, “আমার ছেলে কাউকে কিছু না বলে কখনো কোথাও যায় না। হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা ভাবতেই পারছি না। প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ যদি আমার ছেলের সন্ধান জানেন, দয়া করে আমাকে খবর দিন।”
নিখোঁজ রাকিবের বয়স আনুমানিক ১৬ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের ফুলহাতা টি-শার্ট ও গাঢ় নীল রঙের ফুল প্যান্ট।
এ ঘটনায় রাকিবের মা মোছা. মিনা খাতুন বাদী হয়ে গত ৩১ মে রাতে ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩২৫) দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে রাকিবের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও তার দ্রুত সন্ধান কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি রাকিব হোসেনের সন্ধান পেয়ে থাকলে অথবা কোথাও তাকে দেখে থাকলে দ্রুত ঝিকরগাছা থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মোছা. মিনা খাতুন (মা)
মোবাইল: ০১৭৬৬৩৪০৯০১।












