পবিত্র হজ পালন শেষে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হজযাত্রী দেশে পৌঁছেছেন। একই সঙ্গে চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, মৃত ৩৭ হাজির মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে পবিত্র মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুলেটিনে বলা হয়েছে, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজী নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। পরে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ পর্যন্ত দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন। যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজী পরিবহন করেছে।
ফিরতি যাত্রী পরিবহনে মোট ১৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। সৌদি আরবগামী প্রথম হজ ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রম ৩০ মে শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।




















