যশোর শহরের চাচড়া-ভাতুরিয়া দাড়িপাড়া এলাকায় বাবুল শরীফ (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাবুল শরীফ চাচড়া-ভাতুরিয়া দাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মোক্তার শরীফের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি শহরের লালদীঘির পাড় এলাকায় একটি ছোট কফি শপ পরিচালনা করতেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, তাকে ঘরের রুয়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লোকসান ও দেনাদারদের চাপের কারণে তিনি মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।




















