যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইব্রাহীম মন্ডল (৪০) নামে এক চোরাকারবারিকেও আটক করা হয়।
আটক ইব্রাহীম চৌগাছা উপজেলার গদাদরপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মে) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বাটন মোবাইল ফোন, ১ হাজার ৩২৩ পিস ওষুধ, ৪৮টি খাদ্যপণ্য, ৬৬৮টি বিভিন্ন ধরনের চকলেট, ১০ প্যাকেট পাতার বিড়ি, ৫ কেজি কিসমিস এবং ৭৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ এবং একজনকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।




















