যশোরের সমালোচিত ও বহিষ্কৃত যুবদল নেতা এবং সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি-কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটকের পর তাকে যশোরে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, এস্কেন্দার আলী জনি-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচনায় ছিলেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্প্রতি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানা-য় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। পরে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হবে।




















