বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ মে ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় কসমেটিকস, পোশাক ও খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি এলাকায় সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে জব্দ করা হয় ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল নেশাজাতীয় ESCUF সিরাপ, একটি মোটরসাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২৩টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৩টি শাল-চাদর, ১৪৫টি শাড়ি, ২১৬টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩ হাজার ৪৩৬টি বিভিন্ন ধরনের চকলেট, ১৭ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৬ কেজি জিরা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১৫ হাজার ৮৮০ টাকা। উদ্ধার হওয়া পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান চক্র দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রাখবে।
সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




















