নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্যতিক্রমী চেহারা ও নামের কারণে মহিষটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে প্রতিবেদন।
নারায়ণগঞ্জ জেলার রাবেয়া এগ্রো ফার্ম-এ লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির সোনালি রঙের চুল ও মুখাবয়বের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর চেহারার কিছুটা মিল রয়েছে বলে দাবি করেন খামার মালিকের পরিবার। সেই রসিকতা থেকেই নামকরণ করা হয়।
মহিষটিকে ঘিরে আগ্রহ এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে বিষয়টি নিয়ে মন্তব্যও করেছে। পোস্টে রসিকতার সুরে বলা হয়, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’
পোস্টটির সঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনও শেয়ার করা হয়, যেখানে উল্লেখ করা হয়—তুলনার পর মহিষটি নাকি কিছুটা অনাগ্রহী হয়ে পড়েছে। যদিও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে মূলত হাস্যরস ও কৌতূহলের জন্ম দিয়েছে।
খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির নামকরণের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তার ছোট ভাই মহিষটির মাথার সোনালি চুল দেখে মজা করেই নামটি প্রস্তাব করেছিলেন।
তিনি বলেন, “মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। উত্তেজিত না করলে এটি আক্রমণাত্মক আচরণ করে না।”
এদিকে বিরল এই মহিষটিকে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। ঈদকে সামনে রেখে ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন কৌতূহল, বিনোদন ও আলোচনার এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।




















