ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন পর্যন্ত সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার এই মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা সিআইডি। পরে আদালত পুনঃতদন্ত সম্পন্ন করে আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
পরবর্তীতে ১৫ জানুয়ারি চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল নারাজি আবেদনের শুনানি করেন। শুনানি শেষে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়ে সিআইডিকে দায়িত্ব দেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই আততায়ী মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
২০ ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ইতোমধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।




















