মাগুরার মহম্মদপুর উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইব্রাহিম সরদার নামে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চৌবাড়ীয়া গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার ইব্রাহিম সরদারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, প্রায় দুই থেকে তিন বছর ধরে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল এবং বিষয়টি দুই পরিবারের সদস্যরাও জানতেন।
প্রবাসীর পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার ইব্রাহিমের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে রানী খাতুনের ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান প্রবাসীর ভাই ও ভাবি। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বেঁধে রাখেন।
পরবর্তীতে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
প্রবাসীর ভাই বিপ্লব হোসেন মোল্যা ও তার স্ত্রী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছিল। শুক্রবার রাতে ঘটনাটি হাতেনাতে ধরার পর তারা বিদেশে থাকা শফিকুল ইসলামকে ভিডিও কলে বিষয়টি দেখান। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত রানী খাতুন গণমাধ্যমকে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় একাকীত্বের মধ্যে ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সম্পর্ক ছিল বলেও তিনি স্বীকার করেন।
এদিকে বিনোদপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাস জানান, ইব্রাহিম সরদার সংগঠনের কোনো পদে না থাকলেও তিনি শিবিরের একজন কর্মী। তিনি বলেন, “সে আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তার এমন কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, আটক দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















