যশোরে এক হাজার পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক আলেয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার বাগমারা এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং আবু তাহেরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের পাশে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
এসময় যশোরগামী “জাহিদ জে এন সুপার” নামের একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আলেয়া বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।




















