বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে ভাড়া বাসা থেকে মোজাফফর রহমান (৫৬) নামে এক ডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক বা অসুস্থতাজনিত কারণে মারা যেতে পারেন।
নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘাড়মোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বেনাপোলের সাদীপুর গ্রামে ইকরামুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একাকী বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরের পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরে বিকেল ৫টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া মৌসুমী পাল তাকে খাবারের জন্য ডাকতে গেলে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া ও স্থানীয় এক পল্লী চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি মোজাফফর রহমানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল জানান, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকায় ফেরি করে হাঁস-মুরগির ডিম বিক্রি করতেন। কয়েকদিন আগে তিনি ইজিবাইকের দুর্ঘটনায় আহত হন এবং এরপর থেকে ভাড়া বাসায় চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”
দীর্ঘদিন এলাকায় বসবাস করায় তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




















