যশোর শহরে বাণিজ্যিকভাবে গড়ে ওঠা অবৈধ ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। তবে ব্যক্তিগত পর্যায়ে বাসাবাড়িতে একটি ইজিবাইক চার্জ দেওয়ার বিষয়টি আপাতত শিথিল রাখা হলেও বাণিজ্যিক চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় এপ্রিল ২০২৬ মাসের অপরাধচিত্র ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। পর্যালোচনায় দেখা যায়, গত মাসে জেলায় ৬টি খুন ও ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া নারী নির্যাতন, মানব পাচার এবং সিঁধেল চুরির ঘটনাও বেড়েছে বলে জানানো হয়।
বিশেষ করে নওয়াপাড়ায় সাম্প্রতিক ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষও উঠে আসে বিভিন্ন সদস্যের বক্তব্যে।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো সড়কের ওপর কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানানো হয়। একই সঙ্গে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পশুর হাটে জাল টাকা শনাক্ত ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে পুলিশের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মাদক, ছিনতাই ও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা চলাকালে শহরের ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদে ঈদের আগ পর্যন্ত নমনীয়তা দেখানোর অনুরোধ জানান কয়েকজন সদস্য। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে এবং সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।




















