বেনাপোল পৌরসভায় “সমন্বিত উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), মূলধনী বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি), পৌর উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলা প্রস্তুতি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে ২০২৬) বেনাপোল পৌরসভার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এটি আয়োজন করে বেনাপোল পৌরসভা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প”। কর্মশালায় অর্থায়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক।
কর্মশালায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ভূমি অফিসার নিয়াজ মাখদুম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আল আমিন, পরিবেশ বিশেষজ্ঞ আজমিরা আক্তার, আর্কিটেক্ট ফারহানা ইসলামসহ বিভিন্ন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা।
রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় বেনাপোল পৌর এলাকার টেকসই উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হলে বেনাপোল পৌরসভা দ্রুতই একটি আধুনিক ও টেকসই নগরীতে পরিণত হবে।




















