যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযানে একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।
বুধবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— শার্শা উপজেলার রাজনগর এলাকার রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর কোতোয়ালী থানার বাগডাঙ্গা এলাকার ইসরাইল (৪৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অভিযানে ব্যবহৃত ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





















