যশোরের মাত্র সাত মাস বয়সী শিশু আন নাসরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের তসবির হল এলাকার নিজ বাড়িতে শিশুটির বাবা-মায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিএনপি পরিবারের সদস্যরা। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির পরিবার।
পরিবারের সদস্যদের জানান, উপহার গ্রহণের মুহূর্তটি তাদের জন্য ছিল আনন্দ, বিস্ময় ও কৃতজ্ঞতার এক বিশেষ অনুভূতি।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২৭ এপ্রিল, যেদিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী যশোর সফরকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ওইদিন দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষসেই ভিড়ের মধ্যেই কোলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আন নাসর-এর মা। তার একমাত্র ইচ্ছা ছিল, একবার কাছ থেকে প্রধানমন্ত্রীর দেখা পাওয়া। ঠিক সেই মুহূর্তেই ফুল হাতে শিশুটিকে দেখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যেই তিনি গাড়ি থেকে নেমে এসে শিশুটির কাছে যান। তিনি শিশুটিকে আদর করেন এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। এ সময় কিছু স্মৃতিময় ছবিও তোলা হয়।সেই ঘটনার ধারাবাহিকতায় আজ শিশুটির জন্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন নিজ হাতে উপহার তুলে দেন আন নাসর ও তার বাবা-মায়ের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ আরও অনেকে।
উপহার পাওয়ার পর শিশুটির পরিবার আনন্দ প্রকাশ করে বলেন, এমন একটি মুহূর্ত তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তারা এ ধরনের আন্তরিকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।




















