০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নড়াইলের কালিয়ায় শ্রেণিকক্ষে নারিকেল গাছ ভেঙে পড়ে আহত ২ শিক্ষার্থী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫১৫

নড়াইলের কালিয়া পৌরসভায় ক্লাস চলাকালীন একটি শ্রেণিকক্ষের ওপর নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকায় অবস্থিত শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত দুই শিক্ষার্থী হলো—ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। এসময় হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ প্রবল বাতাসে ভেঙে টিন দিয়ে নির্মিত শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। এতে শ্রেণিকক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাছের আঘাতে সিয়াম ও মাজেদুল গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাজেদুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছটি দীর্ঘদিন ধরেই অপসারণ বা ছাঁটাইয়ের প্রয়োজন ছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের এই অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের সকল কাগজপত্র তলব করা হয়েছে। তদন্তে কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সর্বাধিক পঠিত

যশোরে জমি দখলের অভিযোগ: সাবেক ডিবি ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নড়াইলের কালিয়ায় শ্রেণিকক্ষে নারিকেল গাছ ভেঙে পড়ে আহত ২ শিক্ষার্থী

আপডেট: ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬