যশোরের কেশবপুরে দুই সন্তানসহ ঘাস মারার বিষপান করে রহিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রহিমা খাতুন কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল মতলেবের মেয়ে এবং মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
এ ঘটনায় তার শিশু কন্যা নুসরাত (৯) ও ছেলে রহিম (২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, নুসরাতের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সন্ধ্যায় রহিমা খাতুন তার বাবার বাড়ির পাশে একটি বিদ্যালয়ের পেছনে দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সমরেশ দত্ত জানান, মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুন মারা যান। গুরুতর অবস্থায় থাকা শিশু নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





















