বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতাকে আজ সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের পরিবার তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তি করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। তিনি ব্যক্তিগতভাবে চিকিৎসক এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।




















