যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে বিশাল নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শার্শার ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কন্যাদাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। দিনব্যাপী উলাশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় এই পথসভা জনসমুদ্রে পরিণত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি
“দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। তারেক রহমান দেশে ফেরায় মানুষের মনে শান্তি ফিরেছে। দেশের এই শান্তি বজায় রাখতে এবং তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।”
তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এলাকায় কোনো মারামারি বা প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সাধারণ মানুষ যাতে নির্যাতিত না হয়, তা নিশ্চিত করা হবে।
প্রতিপক্ষ নিয়ে সমালোচনা
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে জান্নাতের টিকিট দেওয়ার নামে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ তাআলা। শহীদ জিয়ার হাত ধরেই সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজিত হয়েছিল। তাই বিভ্রান্ত না হয়ে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ঐক্যবদ্ধ হোন।”
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ খোকন, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, প্রচার সম্পাদক হজরত আলী, যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এবং ১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি প্রমুখ। এছাড়াও যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















