যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভয়নগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামি রমজান (২২), পিতা—মিনারুল, গ্রাম—দক্ষিণডিহি, ফুলতলা, খুলনার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগানে অভিযান চালান। এ সময় মাটির নিচে পুঁতে রাখা একটি ৭.৬৫ বোরের সচল পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর অভয়নগয় উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মো. বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় রমজানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণডিহি গ্রামের বাঁশবাগানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















