যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ইব্রাহিম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া রিমা খাতুন (১৪) বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাবলুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর বাঁকড়া বাজারের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে রিমা খাতুনকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে একই গ্রামের ইনতাজ আলীর ছেলে ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় রিমার পরিবারের পক্ষ থেকে গত ১৮ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় মামলা করা হয়।
মামলা দায়েরের পর বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রিমাকে উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাত ১টার দিকে উজ্জ্বলপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং রিমা খাতুনকে উদ্ধার করা হয়।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ইব্রাহিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া রিমা খাতুনের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ।




















