যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে এক ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। এতে ভবনটিতে সংরক্ষিত ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত প্রায় দুইশ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র ও টিপবইসহ বিপুল পরিমাণ অমূল্য ঐতিহাসিক দলিলপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রেকর্ড রুমের ভেতরে থাকা অধিকাংশ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের মূল গেটে তালা দেওয়া ছিল এবং ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেন।
ঘটনাটি নিয়ে শুরু থেকেই নানা মহলে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংশ্লিষ্ট পুরনো ভবনটিতে দীর্ঘদিন ধরে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। ফলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকেই। এছাড়া ঘটনার সময় ভবনের গেটে তালা লাগানো থাকলেও দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরী হিরাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, যা সন্দেহ আরও ঘনীভূত করেছে।
যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন এবং মোহরার শামসুজ্জামান মিলন জানান, এই রেকর্ড রুমে যশোর জেলা ও আশপাশের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন দলিলপত্র সংরক্ষিত ছিল। এসব নথি জমি মালিকানা, উত্তরাধিকার ও আইনগত প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তারা অভিযোগ করে বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে যশোরের ইতিহাস ও নাগরিকদের গুরুত্বপূর্ণ দলিল চিরতরে নষ্ট হয়ে গেছে।
এদিকে আগুনে পুরোপুরি না পুড়লেও যেসব কাগজপত্র অবশিষ্ট রয়েছে, সেগুলোও অগ্নিনির্বাপণের সময় ব্যবহৃত পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেগুলো ভবিষ্যতে ব্যবহারযোগ্য থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
রহস্যজনক এই অগ্নিকাণ্ডে শতাব্দীপ্রাচীন দলিল ধ্বংস হওয়ায় যশোরবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জোরালো হচ্ছে।
১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোর জেলা রেজিস্ট্রি অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ড
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:২১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- ৬৫৩
সর্বাধিক পঠিত





















