কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন শিপন আলীর ছেলে। সে গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
নিহত সিয়ামের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের ভেতরে সিয়ামের মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
দৌলতপুরে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৬৬০
সর্বাধিক পঠিত





















