বেনাপোল প্রতিনিধিঃ ডিসেম্বরে আওয়ামী লীগ নেতারা সীমান্ত দিয়ে দেশে ফিরে আসতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।




















