শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও এর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে চোরাই লিথিয়াম ব্যাটারি বিক্রির তথ্য পায় পুলিশ। পরে এসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল দোকানটিতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ব্যাটারির ওপরের সার্কিট বোর্ড ১৭টি, খোলা সার্কিট ১৫টি, স্টিলের শিট দিয়ে তৈরি বক্স ১৪টি এবং লিথিয়াম ব্যাটারির বক্স ৪টি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, চোরাই মালামাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে দোকান মালিক শেখ মহাসিন কবিরকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।
এদিকে, একই দিন কলারোয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিসমত ইলিশপুর গ্রামে আটক মহাসিন কবিরের বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, উদ্ধার করা মালামাল জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















