কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আতাউল মালিথা (৫৬) দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ভাই তোফাজ্জেল মালিথা।
পারিবারিক সূত্রে জানা যায়, বসতবাড়ির পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের জমিতে সজিনা গাছ লাগাচ্ছিলেন তোফাজ্জেল। এ সময় ছোট ভাই আতাউল বাধা দিলে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় তোফাজ্জেল তাঁর হাতে থাকা দায়ের উল্টো পাশ দিয়ে আতাউলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান আতাউল।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং বসতবাড়ির জমিতে সজিনা গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।




















