রংপুর মহানগরীতে ১৯ পিস ইয়াবাসহ বর্তমান ও সাবেক দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (শুক্রবার সন্ধ্যার পর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউটর আবু সাঈদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামি মাহিন ইসলাম ওরফে মিঠুন ইসলাম এবং সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলীকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত (কোতোয়ালি)-এর বিচারক রফিকুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর এলাকার মাজেদুল ইসলামের ছেলে কনস্টেবল মিঠুন ইসলাম এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোণাবাড়ী এলাকার মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলী। ডিএনসি সূত্রে জানা গেছে, ওমর আলীর বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় দায়ের করা একটি মাদক মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
ডিএনসি রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, গত বৃহস্পতিবার দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কক্ষের খাটের নিচে থাকা একটি ‘ডার্বি’ সিগারেটের প্যাকেটের ভেতরে জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবা সেবনে ব্যবহৃত চারটি পাইপ, দুটি গ্যাস লাইট, তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) তাহমুদার রহমান বাদী হয়ে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে ডিএনসি মামলার কার্যক্রম শেষে আসামিদের থানায় হস্তান্তর করে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।




















