যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৫টি ভারতীয় শাড়ি, একটি থ্রি-পিস, দুটি টি-শার্ট, ১১টি কম্বল, এক প্যাকেট ফুসকা, ১৫১টি চকলেট, সাত প্যাকেট খৈনি ও ১২৩টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এসব অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















