যশোর প্রতিনিধি: যশোর শহরের বকচর হুশতলা এলাকায় একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক দুই নারীসহ তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার দীপা সিকদার (২৫), নীলগঞ্জ সুপারিবাগান এলাকার রুবিনা (২৭) এবং বাঘারপাড়া উপজেলার খুলশী গ্রামের মিলন হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে শহরের বকচর হুশতলা এলাকায় বিমল কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়িটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ওই বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন।
পরে রোববার আটক তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।




















