যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার গাদগাছি গ্রামে নিজেদের বসতবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—গাদগাছি গ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে মানিক চন্দ্র দাস (৪০), অসিনি দাসের ছেলে জয় দাস (২৬) এবং অসিম দাসের স্ত্রী অনিতা রায় (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী অরণ্য (১৯), পলাশ (৪০), অথি (১৫), সঙ্করি (৪০) ও শিউলি (৩৫)সহ কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তারা রক্তাক্ত ও গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত তিনজনই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে হামলার ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


















