মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভ্যানটির সামনে ও পেছনে পুলিশের দুটি পৃথক গাড়ি নিরাপত্তায় ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
জেল সুপার জানান, দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।
অনুমতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্যারোলের শর্ত অনুযায়ী পুলিশি পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমা শেষ হলে ডা. দীপু মনিকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।


















