কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কুমিল্লা রেলস্টেশনের শাসনগাছা এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
স্বজনরা জানান, জোসনা বেগম ও চাঁদনী আক্তার সম্পর্কে দাদি-নাতনি। তারা মুরাদনগর থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

















