যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণের দুল খুইয়েছেন সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সালমা বেগম যশোর সদর উপজেলার ইছালী গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।
স্বজনদের সূত্রে জানা যায়, সকালে চিকিৎসকের পরামর্শ নিতে যশোর জেনারেল হাসপাতালে আসেন সালমা বেগম। বেলা ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে অচেতন করে ফেলে। পরে তার কান থেকে স্বর্ণের দুল খুলে নিয়ে পালিয়ে যায় তারা।
কিছুক্ষণ পর স্বজনরা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের পাশ থেকে সালমা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে সালমা বেগম যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে অজ্ঞান পার্টির এমন তৎপরতায় রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




















